পটুয়াখালী পৌরসভায় ৪৫টি কেন্দ্রে প্রায় ১০হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-১৬ | সময়: ০৯:০৮:১০
স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রতিটি শিশুকে অপুষ্টির হাত থেকে সুস্থ, সবল ও সঠিকভাবে বেড়ে উঠতে সহায়তা করার লক্ষ্যে ১৬ জুলাই শনিবার সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচীর অংশ হিসাবে পটুয়াখালী পৌরসভাসহ জেলার সাতটি উপজেলায় সুষ্ঠু ও যথাযথভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে জেলা স্বাস্থ্য বিভাগ পটুযাখালী পৌরসভাসহ জেলার সাতটি উপজেলার ৭৩টি ইউনিয়নে এক হাজার নয়শত আটষট্রিটি টিকাদান কেন্দ্রে ০৬-১১ মাস বয়সী ২৪,০৫৬জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ - ৫৯ মাস বয়সী ২,১৮,৭৫৮জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো টার্গেট নিয়েছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার তথ্য না পাওয়া গেলেও পৌরসভার ৪৫টি টিকাদান কেন্দ্রে ০৬ - ১১ মাস বয়সী ৯৮৬ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯মাস বয়সী ৮,৯৩৭জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে পৌরসভার মেডিকেল অফিসার ডা. এস.এম একরামুল নাহিদ জানান। টিকাদান কেন্দ্র সমূহে স্বেচ্ছাসেবক কর্মীরা সঠিক ভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াচ্ছিল কি-না তার তদারকির দায়িত্ব পালন করেছেন পৌরসভার স্বাস্থ্য বিভাগের সুপারভাইজার কাজল সরকার, শংকর চন্দ্র সুকুল, মোনায়েম ও নাজনিন। পৌরসভায় নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট ছিল ৬-১১ মাস বয়সী ১০১০জন শিশু এবং লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট ছিল ১২-৫৯মাস বয়সী ৯,১২০জন শিশু।
Comment Disabled



