পটুয়াখালী গোরস্থানের ড্রেন থেকে যুবকের লাশ উদ্ধার
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-১৯ | সময়: ০৭:৫৯:৩১
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীর পৌর কবরস্থানের ড্রেন থেকে সবুজ হাওলাদার (১৭) নামে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৯ আগস্ট শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে স্থানীয় হোটেল ব্যবসায়ী মতিউর রহমানের ছেলে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা মামলা হয়নি।
মৃতের বাবা মতিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ছেলে সবুজকে ফোন করে বাসায় আসতে বলেন তিনি। কিছুক্ষণ পরই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে রাতে সবুজ আর বাসায় ফেরেনি।
কবরস্থানে কর্মরত জামাল হোসেন জানান, সকালে কবরস্থানের মসজিদে ফজরের নামাজ শেষে রাস্তায় বের হলে ড্রেনে সবুজের মৃতদেহ দেখতে পান তিনি। পরে স্থানীয় কাউন্সিলর আব্দুল বারেক মিয়াকে জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর সার্কেল সহকারী পুলিশ সুপার সাহেব আলী পাঠান ও সদর থানার ওসি এসএম তারিকুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিসমিল্লাহ হোটেলের মালিক মোঃ মতি মিয়া ছেলে শাহিন আলম সবুজ নিউমার্কেট সাগর টেলিকমে কাজ শেখার জন্য সেখানে যেত। মৃত শাহিন আলম সবুজের বাম চোখের উপরে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ৬জনকে আনা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
Comment Disabled



