পটুয়াখালীতে ‘জঙ্গিবাদ বিরোধী সাংস্কৃতিক ঐক্য’র যাত্রা শুরু
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-০৬ | সময়: ০৭:৪৭:১৬
স্টাফ রিপোর্টার ॥ ॥ “আমার মাটি আমার মা, আফগানিস্থান হবে না” শ্লোাগানকে সামনে রেখে পটুয়াখালীতে যাত্রা শুরু করেছে “জঙ্গিবাদ বিরোধী সাংস্কৃতিক ঐক্য”। পটুয়াখালীতে চলমান সকল সাংস্কৃতিক সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ৫ আগস্ট শুক্রবার রাতে যাত্রা শুরু করে সংগঠনটি।
পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি কমরেড শাহনূরের সভাপতিত্বে ও সম্পাদক সুভাষ চন্দের সঞ্চালনায় পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় দেশে সাম্প্রতিক সময়ে জঙ্গীবাদী তৎপরতা ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংস্কৃতিক কর্মী আবুল হোসেন আবু মিয়া, নির্মল কুমার দাশগুপ্ত, পটুয়াখালী আবৃত্তি মঞ্চের সভাপতি মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান খান, রবিউল আমীন বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, দখিনা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান দিপু, ললিত কলা নিকেতনের অধ্যক্ষ অশোক দাশ, মুক্তপ্রাঙ্গণের জুবায়ের মামুন, রশিদ কিশালয় বিদ্যায়তনের অধ্যক্ষ শিরিন নাহারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন। বক্তারা জঙ্গিবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা বলেন সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘ উদাসীনতার ফলে আজ দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে এ জঙ্গিবাদ মোকাবেলায় সাংস্কৃতিক কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সভায় কার্যক্রমকে গতিশীল করতে কমরেড শাহনূর, মানস কান্তি দত্ত, সুভাষ চন্দ, ফরিদুজ্জামান খান ও মুজাহিদ প্রিন্সকে নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট সমন্বয়কারী কমিটি গঠন করা হয়। আগামীতে জেলা শহরের বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলো ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে জঙ্গিবাদের কালো থাবা থেকে শিক্ষার্থীদের আলোর পথে ফিরিয়ে আনতে সাংস্কৃতিক ঐক্য কাজ করবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় শহীদ স্মৃতি পাঠাগার, সুন্দরম, উদীচী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, নজরুল চর্চা কেন্দ্র, প্রগতি লেখক সংঘ, ললিত কলা নিকেতন, পটুয়া খেলাঘর আসর, দখিনা খেলাঘর আসর, পটুয়াখালী আবৃত্তি মঞ্চ, মুক্ত প্রাঙ্গন,দখিনের কবিয়াল, আনন্দ শিল্পগোষ্ঠী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, কবি সংসদ বাংলাদেশ, লালন স্মৃতি সংঘ অংশগ্রহণ করে।
Comment Disabled



