ফারমার্স ব্যাংকের পরিচালক হতে পারবেন পাঁচ প্রতিষ্ঠানের এমডি
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৮-০৫-১২ | সময়: ১৩:০৬:৫৭
শেয়ার কেনার কারণে সরকারি খাতের চারটি বাণিজ্যিক ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) বেসরকারি খাতের ফারমার্স ব্যাংকের পরিচালক হতে পারবেন। একইসঙ্গে তারা ব্যাংকের পর্ষদে বসে পরিচালকের সব ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এ ছাড়াও তারা ইচ্ছে করলে ব্যাংকটির আরও শেয়ার কিনতে পারবেন। ব্যাংক কোম্পানি আইনের বিধান শিথিল করে তাদের এই সুযোগ দেওয়া হয়েছে।
দুর্নীতির কারণে ফারমার্স ব্যাংক প্রবল আর্থিক সংকটে পড়েছে। এই সংকট থেকে ব্যাংকটিকে উদ্ধার করতে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে সরকারি খাতের সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ১ হাজার ১০০ কোটি টাকার শেয়ার কিনছে। এর মধ্যে আইসিবি একাই জোগান দেবে ৪৫০ কোটি টাকা। বাকি টাকা রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংক বিভিন্ন পরিমাণে মূলধন হিসেবে জোগান দেবে। এ অর্থ যোগ হলে ফারমার্স ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৫০০ কোটি টাকা। বর্তমানে মূলধনের পরিমাণ ৪০১ কোটি টাকা।
প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারে না। এই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানগুলো ১০ শতাংশের বেশি শেয়ার কিনছে। এ কারণে ব্যাংক কোম্পানি আইনের ওইসব ধারা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ওই সার্কুলারের মাধ্যমে। ফলে ওই ৫ প্রতিষ্ঠানকে ফারমার্স ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে এই বিধান আর পরিপালন করতে হবে না।
এর আগে আইন লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করায় বন্ধের উপক্রম হয় নতুন প্রজন্মের ফারমার্স ব্যাংকের। ব্যাংকটিকে বাঁচাতে সরকারি ব্যাংকগুলোর নামে শেয়ার কেনার সিদ্ধান্ত নেয় সরকার। সরকারি ব্যাংকের প্রতিনিধিকে ওই ব্যাংকের পরিচালক করা হবে; কিন্তু ব্যাংক কোম্পানি আইনের কারণে সেটি সম্ভব হচ্ছিল না। এখন তারা শেয়ার কেনার পর ওই ব্যাংকের পরিচালক হচ্ছেন।
Comment Disabled



